বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৭

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

হবিগঞ্জ: শনিবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহত সাফি কামাল চৌধুরী শেভরন বাংলাদেশের মেডিক্যাল কর্মকর্তা বলে জানা গেছে। তিনি সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর চাচাতো ভাই।

সাতক্ষীরা: সাক্ষীরার তালায় শনিবার সকালে ইঞ্জিন চালিত নছিমন উল্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম গৌর ঘোষ (৫৫)। তিনি উপজেলার জেঠুয়া ঘোষপাড়া গ্রামের নিতাই ঘোষের ছেলে।

তালা থানার এসআই কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী (চট্টগ্রাম): শনিবার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রতন মল্লিক (৪৮)। তিনি উপজেলার বাদামতলের উত্তরপাড়ার সুধীর মল্লিকের ছেলে। হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার আইউব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মাগুরা: শনিবার দুপুরে মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রনী (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার শেখপাড়ায় যশোর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ: শনিবার বিকালে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে ঝাঁকুনিতে ছিটকে পড়ে বাস চাপায় স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হীরা আক্তার (২৫)। সে কটিয়াদী উপজেলার বেতাল গ্রামের আবু হানিফের স্ত্রী। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।