বরিশালের গৌরনদীতে গ্রেফতারকৃত ৬১জন বিএনপির নেতাকর্মীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। স্থানীয় থানা পুলিশ ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে তাদের বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর পালরদীস্থ একটি বাড়িতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা সভা চলাকালীন সময় আকস্মিকভাবে সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদ ও এজিএস রেজভী জামান রিয়াজের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের সভাস্থলে হামলা চালায়। এসময় হামলাকারীরা সভাস্থলে আগত নেতাকর্মীদের পাঁচটি মোটরসাইকেলসহ তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের অর্তকিত হামলায় ছাত্র ও যুবদলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্র ও যুবদলের ৬১জন নেতাকর্মীকে আটক করেছে। হামলার ভিডিও ধারন করার সময় মাইটিভির ক্যামেরাম্যান মোল্লা ফারুক হাসানকে পিটিয়ে আহত করা হয়। মোল্লা ফারুক হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. সগির বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ এনে সোমবার রাতে ১৫১ থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/আরকেজি
