অপহরণের অভিযোগে ২ পুলিশসহ গ্রেফতার ৩

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:১৮
 
ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় দুই পুলিশ সদস্যসহ  ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে মামলাটি করেন।
 
অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. শরীফুল ইসলাম ও অপহরণকারী দলের সদস্য আঁখি আক্তার।
 
মামলার অভিযোগে বলা হয়, সোমবার দুপুর দেড়টার দিকে মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামে সার ব্যবসায়ী জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আঁখি নামে অপহরণকারী দলের এক সদস্য অসুস্থতার কথা বলে তাকে নিজ বাসা শহরের কাজীপাড়া এলাকায় পৌঁছে দেওয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন। পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল ব্যবসায়ীর চোখ বেঁধে তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
 
পরে জাকিরের স্বজনরা অপহরণের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে জানায়। এরপর মঙ্গলবার ভোর রাতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে গ্রেফতার করা হয়। বিকেলে সদর থানা থেকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
 
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অপহরণকারীদের বিরুদ্ধে মামলাসহ পুলিশের বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
 
ইত্তেফাক/আরকেজি