উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে শিশুকে বলাৎকার মামলার পলাতক আসামি শামশুল আলমকে(৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের আলাওল দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শামশুল হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম চারিয়া কাজী পাড়া আব্দুল মালেক সওদাগর বাড়ীর মৃত আব্দুল মালেকের পুত্র। একইদিন বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩জানুয়ারি দুপুরে চারিয়ার কড়িয়ার টিলায় ১১ বছর বয়সি একটি শিশুকে দা দিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে শামশুল আলম। ওই শিশু তার চাচাত ভাইকে নিয়ে লাকড়ি সংগ্রহ করতে টিলাতে গিয়েছিল। মুমুর্ষ অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরপরই শামশুল আলম পলাতক থাকে। ঘটনার দিন রাতে শিশুর পিতা বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় শামশুল আলমের বিরুদ্ধে দন্ড বিধি ৩৭৭ ও ৪০৬ ধারায় একটি মামলা রুজু করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানার এএসআই আনোয়ার, কামরুজ্জামান ও কফিল হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের আলাওল দীঘির পাড় এলাকা থেকে শামশুল আলমকে গ্রেফতার করে।
শিশুটির পিতা দৈনিক ইত্তেফাককে বলেন, 'আমার পুত্রের উপর শামশুল আলমের ন্যাক্কার ও জঘন্যতম কুকর্মের জন্য আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাংগীর বলেন, গ্রেফতারকৃতকে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/রেজা
