যৌতুকের জন্য শিশুপুত্রকে গলাকেটে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:৪৩
 
মাহিন নামে ৮মাসের শিশুপুত্রকে গলাকেটে হত্যা করেছে পাষণ্ড পিতা আপন মিয়া। যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সকালে উপজেলার মরজাল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।  
 
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৫ জুলাই নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে বাবুল মিয়ার ছেলে আপন মিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বারাইল গ্রামের নাসির মিয়ার মেয়ে মারুফার বিয়ে হয়। বিয়ের পর আপন তার স্ত্রী মারুফাকে নিয়ে রায়পুরার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকেন। এরপর আপন আর দুবাই ফিরে যাননি। পরে নেশা খেয়ে টাকা-পয়সা নষ্ট করেন।
 
বিয়ে করার পরই আপন যৌতুকের জন্য মারুফাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। নির্যাতন সহ্য করতে না পেরে মারুফা এক পর্যায়ে বাপের বাড়ি চলে যান। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনে মাহিন নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। মাহিনের জন্মের পর শ্বশুর-শাশুড়ির অনুরোধে মারুফা পুনরায় স্বামীর সংসারে ফিরে আসেন।  
 
মঙ্গলবার সকাল ৮টায় মারুফা তার ছেলেকে আপনের পাশে ঘুম পাড়িয়ে রান্না ঘরে গিয়ে শাক-সবজি কাটাকুটির কাজ শুরু করেন। এ সময় তার দেবর স্বপন দৌড়ে মারুফার কাছে গিয়ে জানায় যে, মাহিনের গলা দিয়ে রক্ত পড়ছে। বড় ভাই আপন মিয়া ঘরে নেই। এ কথা শুনে চিৎকার করে মারুফা দৌড়ে ঘরে গিয়ে মাহিনকে কোলে নিয়ে দেখে তার গলাকাটা। 
 
রায়পুরা থানার দারোগা কামাল হোসেন বাদল জানান, খবর পেয়ে সাড়ে আটটায় তারা ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার করে। আপনের ছোট ভাই স্বপন ও তার বাবা বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি