বাস চাপায় চৌগাছা যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৫:৫৬
 
যশোরের চৌগাছা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আবু হেনা মোস্তফা কামাল (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
আবু হেনা মোস্তফা মাগুরা জেলার শালিখা উপজেলার টিপরুল গ্রামের বাসিন্দা। তার দুই সন্তান রয়েছে।
 
চৌগাছা যুব উন্নয়ন অফিসের হিসাব রক্ষক হেলাল উদ্দিন জানান, বুধবার মোস্তফা কামাল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে খুলনা শহরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। নওয়াপাড়া শহর পার হওয়ার পরই মধুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এঘটনায় তিনি মারাত্মক আহত হন। আহত হন তার স্ত্রীও। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান