হবিগঞ্জের লাখাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার ২ আসামিকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে তাদেরকে নিজেদের বাড়ি থেকে আটক করা হয়।
তারা হলেন- উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মো. বজলার রহমান বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেফতারি পরোয়ানার কপি এখনও হাতে পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে তারাসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্নস্থানে লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা চালায়। এসব অভিযোগের প্রেক্ষিতে ২০১৫ সালের ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা কমান্ডার মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
৫ অক্টোবর মামলাটি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর দফায় দফায় তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্তকারী দল। বুধবার ভোররাতে পুলিশ তাদের আটক করে।
ইত্তেফাক/আরকেজি
