বখাটেদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:৪১
 
গৌরনদীতে বখাটেদের হামলায় আহত কলেজছাত্র বুধবার সকালে মারা গেছেন। শিক্ষককে গালিগালাজ করার প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হন শাকির গোমস্তা (১৮) নামের এক কলেজ ছাত্র। 
 
শাকির উপজেলা পরিষদের নাইট গার্ড ও আশোকাঠি গ্রামের আইউব আলী গোমস্তার ছেলে। তিনি উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে।
 
জানা গেছে, সোহেল গোমস্তা (২৮), ইলিয়াছ খান (২২), সুমন হাওলাদার (২৩) ও এমরান মির (২০), ফাহিমসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জন বখাটে যুবক মঙ্গলবার সকালে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শাকির এর প্রতিবাদ জানালে বখাটেরা তার ওপর ক্ষিপ্ত হয়। ওইদিন দুপুরে পরীক্ষা শেষে বাড়ি যাবার উদ্দেশ্যে শাকির কলেজের গেটের সামনে বের হলে ওই বখাটেরা ক্রিকেটের ব্যাট ও লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয়। 
IMG0
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে তিনি মারা যান। 
 
তার মৃত্যুর ঘটনায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়। হত্যাকারীদের বিচার দাবিতে সকালে কলেজ চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মানববন্ধন করেন। দুপুরে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসালাম ও র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।  
 
গৌরনদী মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় শাকিরের মা আলেয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন। তবে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
ইত্তেফাক/আরকেজি