কাপ্তাই হ্রদে অবৈধ স্পিডবোট ও স্টাফবোট বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৩৫

 

যাত্রী দুর্ভোগ চরমে

 রাঙ্গামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে চলাচলরত অবৈধ স্পিডবোট ও স্টাফবোট বন্ধের দাবিতে গত বুধবার সকাল থেকে রাঙ্গামাটির নৌরুটে ধর্মঘট পালন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। ধর্মঘটের ফলে আটকা পড়েছে রাঙ্গামাটির উপজেলাগুলোতে যাওয়া শত শত যাত্রী।

পাহাড়ের চলমান বৈসাবী উত্সবের সময় কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক ধর্মঘটে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা রাঙ্গামাটি রিজার্ভ বাজার লঞ্চঘাটে জড়ো হয়েছে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে চলাচলরত অবৈধ স্পিডবোট ও স্টাফবোট বন্ধের প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ায় এই কর্মসূচির ডাক দিয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলা কাপ্তাই হ্রদবেষ্টিত জেলা। কাপ্তাই হ্রদের লঞ্চ, বোটযোগে জেলার ছয়টি উপজেলায় যাতায়াত করে যাত্রীরা। আকস্মিক ধর্মঘটে বিপাকে পড়েছে শত শত যাত্রী।