রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে একজন নারীসহ ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২২৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ তথ্য জানিয়েছেন রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার।
মেয়র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির (এ) রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বাসদের রংপুর জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা ও পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় পার্টির (এ) সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক, যুবদলের রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, ক্রিকেট কোচ শাকিল রায়হান এবং একমাত্র নারী মেয়র প্রার্থী সমাজ উন্নয়ন কর্মী সুইটি আনজুম মনোনয়ন পত্র দাখিল করেছেন। মেয়র পদে নির্বাচনের জন্য ১৩জন মনোনয়নপত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমান মনোনয়নপত্র জমা দেননি।
জানা যায়, বুধবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। আপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।
অপরদিকে, গত ৫ নভেম্বর রসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রসিকে ভোটার রয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৯শ ৯৪জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৮ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২জন।
ইত্তেফাক/আরকেজি
