দিনাজপুরে হাবিপ্রবির ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, বাসে আগুন

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২২:৫২
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি বাসকে সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে মোটর শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্ররা।
 
এ ঘটনার প্রতিবাদে দিনাজপুরের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল অতিক্রম করার সময় সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্র-শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্র ও শ্রমিক আহত হয়। আহত দুজন ছাত্র ও দুজন পরিবহন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এই ঘটনার জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ একদল ছাত্র ক্যাম্পাস থেকে বের হয়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে চলাচলকারী গাড়িতে ভাংচুর চালায়। এ সময় তারা  তৃপ্তি পরিবহন ও শাহী পরিবহন নামে দুটি বাসে অগ্নিসংযোগ করে। ফলে দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
 
এদিকে এই ঘটনার পর মোটর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানিয়েছেন, বাসে অগ্নিসংযোগ ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে দিনাজপুর জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। ফলে জেলায় বন্ধ রয়েছে সকল প্রকার যান চলাচল।
 
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি