চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা দেওয়া ব্যক্তির নাম মোহাম্মদ নেজাম। উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় টংকাবতী খাল থেকে বালু উত্তোলন করছিল সে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম এ জরিমানা করেন।
বুধবার সন্ধ্যায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নেজামকে জরিমানা করা হয়। এর আগে উক্ত এলাকায় অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে ১টি স্ক্যাবেটর ও ১টি বড় বালু স্তুপ জব্ধ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম জানান, উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন খাল-ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন ও পরিবহনের কারণে নষ্ট হচ্ছে কৃষি জমি, সড়ক ও ব্রীজ। আর এসব বালি ট্রাকে ধারণ ক্ষমতার চেয়ে অধিক বোঝাই করে পরিবহন করা হচ্ছে। এতে একদিকে খালের গতিপথ পরিবর্তন এবং খালপাড় ও খালপাড়ের বসতঘর খালগর্ভে বিলীন হচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টসহ গ্রামীণ সড়কগুলো ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে।
ইত্তেফাক/নূহু
