খুলনায় তৃতীয় দিনের অভিযানেও বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২০:০৪
 
খুলনা মহানগরীর পাইকারি ওষুধের বাজার হেরাজ মার্কেটে র‌্যাব-৬, জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ কেনাবেচার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে।  
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে তৃতীয় দিনের মতো নগরীর হেরাজ মার্কেটে অভিযান শুরু করা হয়। মার্কেটের তরফদার ফার্মেসিকে ১৫ হাজার ও হেনা মেডিকেল হলকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ কেনাবেচা করছিলেন। 
 
অভিযানের প্রথম ও দ্বিতীয় দিন মার্কেটের সিলগালা করা কয়েকটি গোডাউনে তল্লাশি করে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি গোডাউন সিলগালা করা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো খুলে তল্লাশি করা হবে বলেও জানান তিনি। 
 
অভিযানে র‌্যাব-৬ ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. নুরুজ্জামান, অ্যাডজুডেন্ট উৎপল দত্তসহ র‌্যাবের একটি অভিযানিক দল ও খুলনার ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সহায়তা করছেন।
 
ইত্তেফাক/আরকেজি