প্রতি উপজেলায় শিশু একাডেমি ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:৫৭
দেশের প্রতি উপজেলায় একটি করে শিশু একাডেমি ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার প্রস্তাব রেখেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য (চৌগাছা-ঝিকরগাছা) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এমপি। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে তিনি এই প্রস্তাব করেন। 
 
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘শিশুর বিকাশ ও সুরক্ষায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শিশুদের গড়ে তোলার জন্য। সুতরাং দেশের প্রতিটি উপজেলায় একটি করে শিশু একাডেমি প্রতিষ্ঠা করা হোক।’ 
 
অপর এক সিদ্ধান্ত প্রস্তাবে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আবদুল মো. মতিনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে মনিরুল বলেন, বর্তমান স্বাস্থ্য বান্ধব সরকার স্বাস্থ্যকে যেমন মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছে তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবহেলিত নার্স পেশাকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিয়েছেন। সেই কারণে সারা বাংলাদেশে সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকেও এই পেশার চাহিদা রয়েছে। সুতরাং দেশের প্রতিটি উপজেলায় একটি করে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হোক।’
 
এ সময় তিনি সংসদে এই প্রস্তাব দুটি উত্থাপণ করার জন্য সংসদ সদস্য এম আব্দুল লতিফ ও আবদুল মো. মতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/ইউবি