গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ট্রাকের সাথে ট্রেনের ধাক্কায় ট্রেনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেল পুলিশ জানায়, একটি বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক রেল লাইন অতিক্রম করার সময় রেল লাইনের উপর বিকল হয়ে আটকে যায়। এ সময় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল। চালকের অসতর্কতার কারণে দ্রুতগামী ট্রেনটি রেল লাইনের উপর বিকল হওয়া ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে ট্রেনের ইঞ্জিন দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রেনের চালক ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় ট্রেনের আরো কয়েক যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে ছয় ঘণ্টা পর রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়।
ইত্তেফাক/এমআর
