লাঠি খেলা এখন আর দেখা যায় না

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১২:৫৭
 
সারা বাংলার ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দেও হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। এখন আর দেখা যায় না এই খেলা। বর্তমান সময়ে গ্রামে গ্রামে আয়োজিত বিভিন্ন মেলায় আগের মত আর নিয়ে আসা হয়না লাঠি খেলার দলকে। যার কারণে সচরাচর চোখে পড়ে না এই খেলাটি।
 
লাঠি খেলার সঙ্গে জড়িত অনেকেই জীবন জীবিকার তাগিদে এই খেলা ছেড়ে অন্য পেশায় যোগ দিতে বাধ্য হচ্ছেন আবার কেউ কেউ বাপ দাদার পেশা হিসেবে এখনও ধরে রেখেছেন। এক সময় বিভিন্ন মেলা ও গ্রাম্য সাংস্কৃতিক অনুষ্ঠানে খুবই কদর ছিল এই লাঠি খেলার কিন্তু কালের পরিবর্তনে এ খেলা আজ বিলুপ্ত প্রায়। এক সময় দম ফেলার ফুসরত ছিল না লাঠি খেলার খেলোয়াড়দের। লাঠি খেলার সঙ্গে জড়িত পুরাতন শক্তিশালী খেলোয়াড়রা আজ অনেকেই নেই তবুও ওস্তাদদের দেয়া শিক্ষা নিয়ে কতিপয় শিষ্য আজও ধরে রেখেছেন এই খেলা।
 
বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে লাঠি খেলা খেলতে হয়। এই লাঠি খেলার মধ্যে ২ লাঠি, ৪ লাঠি, শর্কি খেলা, তরোয়াল খেলা, ছুড়ি খেলা সহ আরো অনেক খেলা রয়েছে। উপজেলার চরটেংরাইল গ্রামের লাঠি খেলার সর্দার আহসান হাবীব জানান, জীবিকার তাগিদে লাঠি খেলার অনেক খেলোয়াড় আজ অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। কিন্তু আমাদের বাপ-দাদারা আগে এই পেশায় নিয়োজিত ছিল বিধায় আমরা আজও এই পেশা ধরে রেখেছি। কোন ব্যক্তি বা মহল যদি এই খেলাটি রক্ষার্থে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন তাহলে গ্রামবাংলার এই ঐতিহ্য ধরে রাখা সম্ভব।
 
ইত্তেফাক/জামান