ভবন সংকটের কারণে বানারীপাড়ায় খোলা মাঠে তাবু টাঙিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষা নেয়া হচ্ছে। বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চাখার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাবুর নীচে পরীক্ষা দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। ফলে, পরীক্ষা চলাকালীন হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে ভোগান্তির মুখোমুখি পড়তে হবে তাদের।
শুধু এ বছরই নয় ২০১৫ সাল থেকেই এভাবে খোলা মাঠে তাবুর নীচে পরীক্ষা নেয়া হচ্ছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এদিকে খোলা মাঠে পরীক্ষা নেওয়ায় অভিভাবক সহ এলাকার শিক্ষা সচেতন মহল ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। উপজেলায় ১শ' ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫টি ইবতেদায়ী ও ৭টি কিন্ডার গার্টেন মিলিয়ে মোট পরীক্ষার্থী ৩ হাজার ২শ'৮৫ জন। এদের মধ্যে ২ হাজার ৭শ' ৫ জন প্রাথমিক সমাপনী ও ৫৮০ জন ইবতেদায়ী পরীক্ষার্থী। উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৯টি।
গতকাল বৃহস্পতিবার পশ্চিম চাখার সরকারি প্রাথমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, খোলা মাঠে তাবুর নীচে পরীক্ষা দিচ্ছে ক্ষুদে পরীক্ষার্থীরা। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শ' ২২ জন। এ স্কুলের একতলা ভবনে তিনটি কক্ষে পরীক্ষার্থীদের জায়গা না হওয়ায় মাঠে তাবু টাঙিয়ে পরীক্ষা নিতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্মতা আবুল কালাম আজাদ জানান, পর্যাপ্ত কক্ষ না থাকায় নিরুপায় হয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া যায় কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, কোন স্কুলেই পর্যাপ্ত কক্ষ নেই। কয়েক বছর ধরে উপজেলার বহু স্কুল জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক বলেন, পশ্চিম চাখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে এ সমস্যার সমাধান করা হবে।
ইত্তেফাক/জামান
