কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ায় ভাড়াটিয়া আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা মাসুদুর রহমান হত্যা মামলায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মান্না ও জসিম উদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের গ্রেফতার করে।
ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মান্না নগরীর কাপ্তান বাজার এলাকার জিয়া উদ্দিনের ছেলে ও কুমিল্লা সিটির ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তার সহযোগী জসিম উদ্দিন জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা নন্দিরবাজার এলাকার তাহেরের ছেলে।
মামলার তদন্তকারী সংস্থা পিবিআই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, মাসুদ হত্যাকাণ্ডের পর আটক হওয়া জুম্মানের সহযোগিতায় শুক্রবার দুপুরে নগরীর কাপ্তান বাজার থেকে মাহমুদুল হাসান মান্না (৩০) ও জসিম উদ্দিনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হত্যার দায় স্বীকার করেছে। তবে এ ঘটনার সঙ্গে আরও ৩/৪জন জড়িত রয়েছে, তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত ১৯ নভেম্বর রাতে কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ার একটি বাড়ির ফ্ল্যাটে মাসুদুর রহমান মজুমদারকে গলাকেটে হত্যা করা হয়। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুবর্ণপুর গ্রামের শামছুল হক মজুমদারের ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই মাহফুজুর রহমান মজুমদার পরদিন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/আরকেজি
