২০ ফুট রাস্তা না হলে বাড়ির নকশার অনুমোদন দিচ্ছে না কেডিএ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৫

সংবাদ সম্মেলনে অভিযোগ

খুলনা অফিস

গত কয়েকমাস ধরে কেডিএ ২০ ফুট রাস্তা না থাকলে বাড়ি তৈরির নকশার অনুমোদন দিচ্ছে না। গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক সমাজ, খুলনার আহবায়ক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, এর আগে ১২ ফুট সড়ক থাকলেই নকশার অনুমোদন দেয়া হতো। কিন্তু গত কয়েকমাস ধরে ২০ ফুট রাস্তা না থাকলে বাড়ি তৈরির নকশার অনুমোদন দেয়া হচ্ছে না। এই ঘটনার প্রেক্ষপটে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী তার ভাষায় ‘কেডিএ কর্তৃক সেবার নামে হয়রানির’ প্রতিবাদে আগামী শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ১৫ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পূর্তমন্ত্রীর নিকট এবং একই দিন আলাদা আলাদাভাবে কেসিসি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যদের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।