ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের কান্দাপাড়া প্রাইমারি স্কুল এলাকায় এঘটনা ঘটে।
নিহত মো. ফজলু (১৭) রাম কিশোর উচ্চ বিদ্যালয়ের (আরকে হাই স্কুল) নবম শ্রেণিতে ছাত্র। সে গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে। থানা পুলিশ লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, তিনদিন আগে কালিপূজা উপলক্ষে ২০ টাকা চাঁদা নেয়ার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সাথে ঝগড়া হয়। এরই জের ধরে এহত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
