কলারোয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৩:৪৫
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় সরকারিভাবে কলারোয়া উপজেলা চত্বরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন পাল্টাপাল্টি বক্তব্য দেয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী সমর্থকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের উপর চড়াও হন। একপর্যায়ে লাল্টুর সমর্থকরা স্বপনের কর্মী সমর্থকদের উপর ইট, পাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
 
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে তার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী সমর্থকরা দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
 
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জানান, লাল্টু গ্রুপের সন্ত্রাসী বাহিনী আমাকে অবরুদ্ধ করে রাখে এবং আমার নেতা কর্মীদের মারধর করে আহত করে।
 
তবে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। এটা ফিরোজ আহমেদ স্বপনের কারসাজি। তার সন্ত্রাসী বাহিনী আমার নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে।
 
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার জানান, উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
 
ইত্তেফাক/এএম।