কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবাসহ মো. মোশারফ শিকদার ও মো. টিপু শিকদার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে কলাপাড়ার নিজামপুর, পায়রা বন্দর রামনাবাদ ও ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন যৌথ এ অভিযান চালায়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার এম. নাজিউর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের মূল হোতা ও এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আলামিনসহ সোহরাব, জহির, বেল্লাল ও আলীপুরের মত্স্য ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেরে পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের জিম্মি থেকে ১৩ জন জেলেকে উদ্ধার করা হয়। তাদের বাড়ি কলাপাড়া ও ভোলায়। তারা সবাই এফবি আলাউদ্দিন ট্রলারের জেলে। তিনি আরো জানান, জব্দকৃত দুইটি ট্রলারসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে মহিপুর থানায় প্রেরণ করা হবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
