উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে মো. ইউনুছ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটায় লালিয়ার হাটের পূর্বে দক্ষিণ মীর পাড়ার হাবিবুল্লাহ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে গোপনে দাফনের প্রস্তুতিকালে দুপুর আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত মো. ইউনুছ ওই বাড়ির মৃত মালুম ড্রাইভারের পুত্র। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।
সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ সওদাগর বাড়ির মো. ইউনুছের সাথে তার জ্যাঠাতো ভাই প্রবাসী নুরুন্নবীর পরিবারের দীর্ঘ অনেক বছর ধরে সম্পত্তির বিরোধ ছিল। নুরুন্নবীর ঘরের সম্মুখে রোপণ করা আমড়া গাছের চারা রাতের অন্ধকারে বিভিন্নসময় ছিঁড়ে ফেলা হয়। এজন্য নুরুন্নবীর পরিবার তার ঘরের সাথে লাগোয়া ইউনুছের পরিবারকে দোষারোপ করে আসছে। একমাস পূর্বে নুরুন্নবীর ছেলে মিজান (২৫) ও মইনুদ্দিন(২৮) তারা একটি আমড়া গাছের চারা রোপণ করে তার চারপাশে একটি তারের বেষ্টনী দিয়ে ঘেরা দেয়। কারা রোপণকরা গাছ ছিঁড়ে তা নিশ্চিত হতে ওই তারে বিদ্যুত্ সংযোগ দেয় তারা। শনিবার ভোরে সবার অজান্তে ওই তারে স্পৃষ্ট হয়ে ইউনুছ ঘটনাস্থলে নিহত হন। পরে সমাজের লোকজনের সহায়তায় ক্ষতিপূরণ নিয়ে দেওয়ার আশ্বাসে পেয়ে গোপণে লাশ দাফনের সিদ্ধান্ত হয়।
নিহত ইউনুছের পুত্র ফারুক(২৫) বলেন, আমরা দরিদ্র ও ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে বিষয়টি নিয়ে থানায় যেতে চাইনি। তবে এ ঘটনায় আমরা নুরুন্নবীর ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ইত্তেফাককে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হবে। তাদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএম।
