'প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। এরই ধারাবাহিকতায় নাগরপুর ও দেলদুয়ার হবে উন্নয়নের রোল মডেল। ইতোমধ্যে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে শহর থেকে গ্রামে।' শুক্রবার দিনভর নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথ সভায় বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম এসব কথা বলেন।
তারানা হালিম সহবতপুর ইউনিয়নে পথ সভায় আরো বলেন, একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করা। তাই আগামীতেও দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, 'জননেত্রী শেখ হাসিনা আমাকে জনগণের জন্য কাজ করার দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করছি সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আমি এ এলাকার নির্বাচিত প্রতিনিধি না হয়েও শুধু জনগণের ভালবাসার কারণে এলাকার উন্নয়ন করে যাচ্ছি।
পথ সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের পৌর মেয়র আলহাজ্ব মো. জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, নাজমুল হক তপন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, শেখ শামসুল হক, মো.খালিদ হোসেন, সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/জামান
