সিএ উইমেন্স ফোরামের যাত্রা শুরু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৫
দেশে বর্তমানে সনদধারী হিসাববিদ (চার্টার্ড অ্যাকাউন্টেন্ট) ১ হাজার ৫৩৮ জন। এর মধ্যে নারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ১০৯ জন। শনিবার এই নারী হিসাববিদদের উদ্যোগে যাত্রা শুরু করেছে সিএ উইমেন্স ফোরাম। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ) বর্তমান ও ভবিষ্যত নারী সদস্য ছাড়াও অন্যান্য কার্যক্ষেত্রে নারীদের অগ্রগতির জন্য কাজ করবে এ ফোরাম। 
 
অনুষ্ঠানে ১৪ জন নারী অগ্রদূতকে পুরস্কৃত করে আইসিএবি। তারা হলেন- দেশের প্রথম নারী সিএ সুরাইয়া জান্নান খান, আইসিএবি’র প্রথম নারী পর্ষদ সদস্য পারভিন মাহমুদ, আখতার সানজিদা কাশেম, সামারুখ আলম। এছাড়া শিক্ষায় অবদানের জন্য রাশেদা কে চৌধুরী, এনজিওতে এনজেলা গোমেজ, সঙ্গীতে ফেরদৌসী রহমান, প্রফেসর এমিরেটাস ড. সুফিয়া আহমেদ, ফটো সাংবাদিক সাইয়্যেদা খানম, প্রথম নারী সচিব জাকিয়া এ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রথম নারী পরিচালক মালেকা খান, নারী সংগঠন রোকেয়া আফজাল রহমান এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট আয়েশা খানম। 
 
অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, জনসংখ্যার অনুপাত হিসেবে সব চাকরি, পেশায় কিংবা নির্বাচনে নারীর অংশগ্রহণ ৫১ শতাংশ হওয়া উচিত। তারা নিজস্ব গুণে এগিয়ে যাচ্ছেন। এটি অব্যাহত থাকবে। 
 
ফজরে হাসান আবেদ বলেন, নারীরা নিজ দক্ষতায় এগিয়েছেন। আশা করছি ২০২১ সাল নাগাদ নারী হিসাববিদ দুইশ’তে পৌঁছবে। তিনি বলেন, সমাজে নারীর সমতায়নের কাজ শেষ হবার নয়। এ কাজ চালিয়ে যেতে হবে। 
 
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইসিএবি’র প্রেসিডেন্ট আদিব এইচ খান ও আইসিএবি’র উইমেন ইন লিডারশিপ কমিটির চেয়ারম্যান পারভিন মাহমুদ। 
 
ইত্তেফাক/এমআই