পুলিশি বাধায় আওয়ামী লীগের শোভাযাত্রা পণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৫৯
 
কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপন উপলক্ষে র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। 
 
শহরের কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মেইন বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক। আমি আওয়ামী লীগের সভাপতি। আমার র‌্যালিতে কেন বাধা দেওয়া হল এর উত্তর আমি প্রশাসনের কাছে চাই। 
তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত আজকের আনন্দ র‌্যালিতে পুলিশি বাধা গণতন্ত্রের জন্য চরম বাধা। পরে কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা এসে সমাবেশ করেন। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে সড়কটির দু’পাশের শত শত যান আটকে যায়।
 
ইত্তেফাক/আরকেজি