রামগড়ে ট্রাক ভর্তি রাবার জব্দ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৪৩
 
বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের দাঁতমারা বাগান থেকে  পাচারকালে এক ট্রাক চোরাই রাবার জব্দ করেছে বিজিবি। আজ শনিবার ফটিকছড়ির দাঁতমারার বালুটিলার পূর্ব সোনাই এলাকা থেকে ট্রাকভর্তি প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি রাবার জব্দ করা হয়। জব্দকৃত রাবারের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
 
জানা যায়, রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হেয়াকো বিওপির বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে  শনিবার  বালুটিলার পূর্ব সোনাই এলাকায় অভিযানে যায়। বিজিবির টহল গাড়ি দেখে রাবারবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহলদল পিছু ধাওয়া করলে পূর্ব সোনাই এলাকায় চালক ও চোরাকাবারী রাবারভর্তি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ট্রাকটি জব্দ করে নিয়ে আসে। 
 
হেয়াকো বিওপির কমান্ডার সুবেদার মোস্তফা কবির এ অভিযান পরিচলনা করেন। তিনি জানান, ট্রাক থেকে প্লাস্টিকের বস্তাভর্তি ৫ হাজার ৬৬৮ কেজি রাবার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই লাখ  ৫০ হাজার টাকা।
 
ইত্তেফাক/কেকে