বাকেরগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়ার পথে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ০১:১২


বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হবার পথে। দু-একদিনের মধ্যেই ভবনটি সরিয়ে নেওয়া না হলে, কারখানা নদীর ভাঙনে ভবনটি বিলীন হতে পারে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার (বাদল) জানান, নদীর ভাঙনে কয়েকশ’ একর ফসলীয় জমি এবং কবাই ইউনিয়ন বাজারসহ বসতি ঘর-বাড়ি, কারখানা ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ঘর-বাড়ি হারিয়ে রাস্তার পাশে খোলা আকাশের নিচে বসবাস করছে। লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে নদীর ভাঙনের ফলে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। স্বাস্থ্য কেন্দ্রটি নদীগর্ভে বিলীন হওয়ার বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়টি কোনো প্রকারে রক্ষা করা যাচ্ছে না। নদী ভাঙনের ফলে অতি নিকটে পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নদী ভাঙনে বিলীন হওয়ার বিষয় উপরস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

 এলাকাবাসী জানান, কর্তৃপক্ষের অবহেলার কারণে সরকারের সম্পদ এভাবেই বিলুপ্তি হলে কবাই ইউনিয়নের স্বাস্থ্য সেবা থেকে ইউনিয়নবাসী বঞ্চিত হতে পারে। এক শ্রেণির অসাধু প্রকৃতির লোকেরা ভবনের জানালা-কপাট ও ইট খুলে নিচ্ছে। তারা এলাকাবাসীকে জানায় ভবনটি টেন্ডার হয়েছে। সরেজমিনে জানা যায়, ভবনের কোনো টেন্ডার হয়নি।

ইত্তেফাক/নূহু