মধ্য কালিকাবাড়ী বিদ্যালয় বেহাল, মাটিতে ক্লাস করছে শিক্ষার্থীরা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ০১:১৭

মোরেলগঞ্জে টিনশেডের ঘর আর নড়বড়ে অবকাঠামো নিয়ে চলছে উপজেলার মধ্য কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা জোড়াতালি দেয়া বেঞ্চে আর প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মাটির ফ্লোরে ক্লাস করছে। এখনো কোনো সরকারি সহযোগিতার ছোঁয়া পড়েনি বিদ্যালয়টিতে।

উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের এ প্রাচীন জনপদে ১৯২০ সালে একটি মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে এ বিদ্যাপীঠের সূচনা হয়। সেই থেকে এ বিদ্যাপীঠের দীর্ঘ পথচলা। নানা চড়াই-উত্রাই পার করেছে প্রতিষ্ঠানটি। জাতীয়করণের আগে রেজিঃ প্রাথমিক বিদ্যালয় হিসেবেও ধুঁকে ধুঁকে চলছিল বিদ্যালয়টি।

জাতীয়করণের পর নড়েচড়ে বসেন শিক্ষকসহ স্থানীয়রা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় লোকজনের সহায়তায় কাঠ ও  টিনশেডের অবকাঠামোতে নির্মিত হয় বিদ্যালয়টি। বর্তমানে সংস্কার আর শ্রেণিকক্ষের অভাবে দৈন্যদশায় পড়ে আছে। দরজা-জানালা নেই বললেই চলে। শ্রেণিকক্ষের বেঞ্চ জোড়াতালি দিয়ে ঠেকানোর চেষ্টা ও অন্যান্য আসবাবপত্র নড়বড়ে অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা ঠাসাঠাসি ক্লাস করছে।

এদিকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাটির ফ্লোরে ক্লাস করতে হয়। প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তার জানান, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ। রয়েছে আসবাবপত্রসহ অবকাঠামোগত সমস্যা। তাই পুনর্নির্মাণ করা একান্ত জরুরি।

ইত্তেফাক/নূহু