মনিকাদের উত্সাহ দিতে কলম্বিয়ান দুই বিশ্বকাপ ফুটবলার ঢাকায়

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

দেশের নারী ফুটবলারদের চাঙ্গা করতে ঢাকায় আনা হয়েছে নারী বিশ্বকাপ ফুটবলে খেলা জেসিকা হার্টাডো এবং ক্যাটরিন ফ্যাবিওলা ক্যাষ্ট্রোমুনজ। এই দুই নারী ফুটবলার গতকাল ঢাকায় এসেছেন বলে জানিয়েছে বাফুফে। তারা এসেছেন বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবল উপলক্ষে। আগামী ২২ এপ্রিল ঢাকায় শুরু হবে আন্তর্জাতিক ফুটবলের এই আসর। এবারই প্রথমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে টুর্নামেন্ট হতে যাচ্ছে, তাই এটিকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে টুর্নামেন্টের স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান কে-স্পোর্টস।

কলম্বিয়ান ফুটবলার দুজন কোনো দলের হয়ে খেলতে আসছেন না। তারা বাংলাদেশের নারী ফুটবল দলকে উজ্জীবিত করতে গতকাল ঢাকায় এসেছেন বলে জানিয়েছে বাফুফে। সাবিনা, তহুরা খাতুন, সানজিদা, মনিকা, মারিয়াদের প্রেরণা দেবেন। তারা কীভাবে ফুটবল মাঠে নিজেদের আরো উজ্জীবিত করবেন সেই টনিক দেবেন কলম্বিয়ান ফুটবলার। মূলত বাংলাদেশের মেয়েদের সঙ্গে ফুটবলময় পরিবেশে সময় কাটাবেন। তাদের জীবনের নানা উত্থান-পতন রয়েছে ফুটবল ক্যারিয়ারে। কেমন ছিল সেই দিনগুলো। কীভাবে সেই সময়টা কাটিয়ে উপরে উঠে আসতে হয়েছে নিজেদের সেই সব অভিজ্ঞতার কথা শোনাবেন জেসিকা হার্টাডো এবং ক্যাটরিন ফ্যাবিওলা ক্যাষ্ট্রোমুনজ।

তিন দিনের জন্য জেসিকা হার্টাডো এবং ক্যাটরিন ফ্যাবিওলা ক্যাষ্ট্রোমুনজ বাংলাদেশে এসেছেন। এখন তারা গুলশানের একটি হোটেলে অবস্থান করছেন। ঢাকায় অবস্থানকালে কলম্বিয়ান ফুটবলাররা ব্যস্ত সময় কাটাবেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, কলম্বিয়ান ফুটবলাররা ১২ এপ্রিল বাড্ডার বেরাইদে ফুটবল একাডেমিতে যাবেন। সেখানে সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত অনূর্ধ্ব-১৯ ফুটবল দল এবং বিকেএসপির নারী ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটাবেন। পরদিন ১৩ এপ্রিল বাফুফের টার্ফে যাবেন। সেখানেও বাংলাদেশের নারী ফুটবলারদের সঙ্গে অবস্থান করবেন। সঙ্গে থাকবেন আরো ১০০ শিক্ষার্থী, যারা ইউনিসেফের বিভিন্ন স্কুলে পড়াশুনা করছেন।

এসব কর্মসূচির আগে প্রথমবার বাফুফে ভবনে যাবেন কলম্বিয়ান দুই ফুটবলার। সেখানে বাফুফে হতে বাংলাদেশ নারী ফুটবল দলের জার্সি উপহার দেওয়া হবে।

১৩ এপ্রিল রাতে কলম্বিয়ান ফুটবলাররা ঢাকা ছাড়বেন। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশসহ ৬ দেশ খেলবে। ‘ক’ গ্রুপে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস এবং ‘খ’ গ্রুপে আরব আমিরাত,  বাংলাদেশ ও কিরগিজস্তান।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। একটি করে খেলা হবে। বাংলাদেশের নারী ফুটবলাররা নেপালের বিরাটনগরে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে ঢাকায় ফিরে অনুশীলন শুরু করেছে। বঙ্গমাতা ফুটবলের জন্য নিবিড় অনুশীলন করছে ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত এবং গ্রুপের শেষ খেলায় বাংলাদেশ মুখোমুখি হবে কিরগিজস্তানের। সেটি ২৬ এপ্রিল শুক্রবার।