নলছিটিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ০১:২১

নলছিটি উপজেলার পাওতা গ্রামে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজ সংস্কার, অপরাধমুক্ত এলাকা গড়ার দৃঢ় প্রতিজ্ঞাপ্রাপ্ত উচ্চ শিক্ষিত যুবক রাসেল মৃধা, রাজু, সজিবসহ কয়েকজন গত শুক্রবার দিনভর রাস্তায় মাটির কাজ করে দৃষ্টান্ত স্থাপন করলেন।

তারা খাল থেকে মাটি সংগ্রহ করে ব্রিজের সাইডে ভরাট করছেন। ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা রাস্তার কাজে কর্মরত যুবকদের দেখে প্রশংসা করেন। ওই রাস্তার পথচারী স্থানীয় মেম্বার মো. শহিদুল ইসলাম জানান, এখন আর আগের মতো স্বেচ্ছাশ্রমে কাজ করার মানুষ পাওয়া যাচ্ছে না। স্বাধীনতার পরবর্তীতে ছাত্র-যুবকরা স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, সাঁকো স্থাপন, পুকুর খননসহ নানা ধরনের সামাজিক কাজ করতো। এখন সেই দিন আর নেই। ছাত্র-যুবকদের কোন কাজে পাওয়া যায় না।

অনেকেই মনে করে এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নের দায়িত্ব শুধু জনপ্রতিনিধিদের। তবে আজ যারা স্বেচ্ছাশ্রমে কাজে দৃষ্টান্ত স্থাপন করলো যে, সকল দায়-দায়িত্ব জনপ্রতিনিধিদের নয়, সমাজে বসবাসকারীদেরও কম-বেশি দায়-দায়িত্ব রয়েছে। রাস্তার কাজে কর্মরত যুবক রাসেল মৃধা জানান, তারা সামাজিক দায়িত্ববোধের কারণে রাস্তায় মাটির কাজ করেছে। এলাকার অনেক রাস্তা বেহাল দশা। তাই স্থানীয়ভাবে আমরা উদ্যোগ নিয়ে মেরামত করেছি।

ইত্তেফাক/নূহু