রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ক্রিকেট টুর্নামেন্টের স্থানে রবিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ এ আদেশ জারি করে টুর্নামেন্ট মাঠ ও এর আশপাশের এলাকায় সব ধরনের খেলা আয়োজন ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, উপজেলার মাদারপুর রেলবাজার পদ্মা পাড়ে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। রবিবার বিকেল ৩টায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ওই এলাকায় সকল খেলা ও সমাবেশের আয়োজনের ওপর রবিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে।
ওসি আরো বলেন, আওয়ামী লীগের এক পক্ষ রবিবার বিকেল ৩টায় সেখানে গোদাগাড়ীর পৌরসভার মেয়রের নামে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।অপর পক্ষ একই সময় সেখানে শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করার ঘোষণা দেন। এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। এ কারণে সকাল থেকে মাদাপুর পদ্মা পাড় ও রেল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ বলেন, বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা দেখা দেয়ায় দুই পক্ষে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করতে বলা হয়। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্টরা অনুষ্ঠান সূচি বাতিল না করায় সেখানে রবিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর আর্থিক সহযোগিতায় তার সমর্থকরা সেখানে মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। রবিবার বিকেল ৩ টায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র মনিরুল ইসলাম বাবুকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বিশেষ অতিথি করে চিঠি বিতরণ কর হয়।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান সমর্থকরা রেলবাজারে অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে একই মাঠে শেখ রাসেল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়ে চিঠি বিতরণ করে। একই সময় তাদের আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামানকে।
গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য রেলবাজার-মাদারপুর সংলগ্ন নদীর পাড় গত এক মাস ধরে সংস্কার করা হয়। গত এক সপ্তাহ আগে সেখানে এ টুর্নামেন্টর আয়োজন করে চিঠি বিলি করা হয়। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেওয়ায় স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা পাল্টাপল্টি খেলার আয়োজন করার ঘোষণা দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে সংষদ সদস্যকে বাদ দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যানকে কেন প্রধান অতিথি করা হলো সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মেয়র মনিরুল ইসলাম।
এদিকে, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি শাহরুখ সারোয়ার সনেট বলেন, মাঠটি ফাঁকাই পড়ে ছিল। গত কয়েক বছর ধরে এ সময় শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় শেখ রাসেল স্মৃতি সংসদ এবারও সেখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
