কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ পিইসি পরীক্ষার্থী আহত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৩:২১
 
নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আট পিইসি পরীক্ষার্থী আহত হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে পরীক্ষা কেন্দ্রে আসার পথে তারা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিত্সা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।
 
আহতরা হলো— ইমন বিশ্বাস (১০), ঋতু বিশ্বাস (১০), সাথি বিশ্বাস (১১), পূজা বিশ্বাস (১০), শান্তা সরকার (১১), সেতু খানম (১০), আইরিণ খানম (১০) ও মৃদুল বিশ্বাস (১১)। তারা সবাই রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তাদের সকলের বাড়ি উপজেলার হাড়িয়ারগোপ এবং রঘুনাথপুর গ্রামে।
 
স্থানীয়রা জানায়, রবিবার সকালে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটজন পরীক্ষার্থী একটি ইজিবাইকে করে তাদের অংক পরীক্ষা দিতে কেন্দ্রে আসছিলো। পথিমধ্যে কালিয়া-নড়াইল সড়কের উপজেলার পুরুলিয়া গ্রামের পূর্বপাড়া (নামযজ্ঞ রাস্তার পাশে) পৌঁছালে অপরদিক হতে আসা একটি দ্রুতগামী মটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে যায় এবং ভিতরে থাকা সব পরীক্ষার্থী আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চাঁচুড়ি বাজারে প্রাথমিক চিকিত্সা দেয়।
 
শাহবাগ ইউনাইটেড একাডেমি পরীক্ষা কেন্দ্রের সচিব মোল্যা আশরাফ আলী জানান, আহতরা সবাই কেন্দ্রে পৌঁছালে আমাদের স্বাস্থ্যকর্মী তাদেরকে পর্যবেক্ষণ করেছে। বড়কোন সমস্যা নেই। সবাই পরীক্ষা দিচ্ছে।
 

ইত্তেফাক/এএম।