সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি ক্লিনিক

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৪:৪৭
 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীরের ভিতরেই অবৈধভাবে গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। একটি প্রভাবশালী গোষ্ঠী দালাল চক্রদের সাথে যোগ-সাজস করে ওই ক্লিনিকটি গড়ে তুলেছেন বলে অভিযোগ ওঠেছে।
 
অনুসন্ধানে জানা গেছে, মির্জাপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে স্থানীয় ফজলুল হক ভূঁইয়া নামে এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে বলে জানা গেছে। এ দিকে এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় প্রভাবশালী মহল ওই বিরোধপূর্ণ ৮ শতাংশ জমিতে অবৈধভাবে গড়ে তুলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বেসরকারি ক্লিনিকের সঙ্গে যারা জড়িত তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষও তা স্বীকার করেছেন।
 
এ ব্যাপারে ক্লিনিক ও জমির কথিত মালিক আজিজুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালের ভিতরে এই জমি আমাদের। এটা হাসপাতালের জমি নয়।
 
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, 'আমরা চেষ্টা করছি জমি উদ্ধারের জন্য।' দালাল চক্রের হাতে হাসপাতালটি পুরোপুরি জিম্মি উল্লেখ করে তিনি বলেন, 'তারা স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।'
 
ইত্তেফাক/জামান