গ্রামের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:১৮
 
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া ৬ নম্বর ওয়ার্ডের মেম্বরপাড়া এলাকায় যাওয়ার একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাকোটি।
 
জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চার লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি আয়তনে ছোট হওয়ায় সম্প্রতি বন্যায় পানির তোড়ে ব্রিজের সাথের রাস্তাটি ভেঙে বড় গর্ত হয়েছে। ডোমার-চিলাহাটি যাওয়ার জোড়াবাড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হলহলিয়া উত্তরপাড়া হতে মেম্বরপাড়া যাওয়ার রাস্তা ও উত্তর পাড়া জামে মসজিদের সামনের পুকুরটিও বন্যায় ভেঙে যাওয়ায় ৭/৮টি গ্রামের সহস্রাধিক মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ওই রাস্তায় ব্রিজের পাশের ভাঙায় একটি বাঁশের সাকো দিয়ে কোন রকম মানুষ চলাচল করলেও অটোবাইক, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।
 
ওই এলাকার মনির হোসেন বলেন, আমরা ৭/৮ টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করি। বন্যায় ব্রিজটির সাথের রাস্তা ভেঙে যাওয়ায় আমরা এলাকাবাসী একটি বাঁশের সাকো তৈরি করে কোন রকমে চলাচল করি। যানবাহন নিয়ে যাতায়াত করলে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে চলাচল করতে হয়। তিনি রাস্তা ও আরো আয়তনে বড় একটি ব্রিজ নির্মাণের দাবী জানান।
 
জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসান জানান, ব্রিজটি ছোট আয়তনে ছোট হওয়ায় বন্যায় রাস্তা ভেঙে গেছে। এখন আরেকটি ব্রিজ ও রাস্তাটি মেরামত করা হবে।
 
ইত্তেফাক/জামান