২৬৫ কোটি টাকা ব্যয়ে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ রবিবার দুপুরে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, খুলনার জিরোপয়েন্ট থেকে আঠারোমাইল পর্যন্ত মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (খুলনা জোন) এর আওতায় খুলনা-চুকনগর-সাতক্ষীরা (আর-৭৬০) প্রকল্পটি বাস্তবায়ন হবে।
রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় এ লতিফ ফিলিং স্টেশন চত্বরে সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, অনেক বাধা অতিক্রম করে পদ্মাসেতু আজ দৃশ্যমান। বর্তমান সরকার পদ্মাসেতুর মতো বড় বড় প্রকল্পও নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ আত্মপ্রত্যয়ী ও বিশ্বের উন্নয়ন বিস্ময়।
তিনি বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় এক হাজার ৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। দেশের অর্থনীতি এখন শক্ত অবস্থানে রয়েছে। একটি দেশের উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা থাকতে হবে।
ইত্তেফাক/ইউবি
