গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশ প্রহরীর স্ত্রী রিক্তা আক্তারকে (২৮) গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার রাতে মুকসুদপুর উপজেলা পরিষদের কর্মচারী কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে।
নিহত রিক্তার স্বামী মোর্তুজা মোল্লা মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা ও অফিসের নৈশ প্রহরী পদে কর্মরত। রিক্তা স্বামীর সঙ্গে মুকসুদপুর উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতেন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে রিক্তার ওপর দুর্বৃত্তরা হামলার করে । পরে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাঈম মো. মারুফ খান ও থানার ওসি মো. আজিজুর রহমান জানান, রাত ২টার দিকে নৈশ প্রহরী মোর্তুজার বাসায় কেউ ঢুকে তার স্ত্রী রিক্তার গলায় ধারালো অস্ত্র চালায়। এ অবস্থায় রিক্তা তার ৩ বছর বয়সের শিশু কন্যা মিথিলা আক্তার লিমাকে নিয়ে কোনো মতে রুম থেকে বের হয়ে আসেন।
খবর পেয়ে ইউএনও তার গাড়িতে করে তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় পরে রিক্তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের মেঝতে রক্ত পড়ে রয়েছে। এছাড়া ওই কোয়ার্টারের জানালা ভাঙ্গা পওয়া গেছে। এ ঘটনায় রিক্তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
