চট্টগ্রামে আইনজীবী খুনের ঘটনায় গ্রেফতার ৬

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৮:৫৪
 
চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় তার কথিত স্ত্রী রাশেদা বেগমসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 
 
পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা জানান,  সোমবার সকালে রাশেদা ও হুমায়ন নামে দুজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরে নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পিবিআইয়ের কাছে তথ্য আছে। 
 
পিবিআই সূত্র জানিয়েছে, ৬ জনকে গ্রেফতারের মধ্যে দিয়ে হত্যাকান্ডে জড়িত পুরো টিমকেই ধরতে সক্ষম হয়েছে পিবিআই। একইসঙ্গে হত্যাকাণ্ডের রহস্যও উন্মোচন হয়েছে। 
 
গত শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে বাপ্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। খুনের ঘটনায় বাপ্পীর বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  
 
ইত্তেফাক/ইউবি