পুলিশের নারী সদস্যরা নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: আইজিপি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:২২
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আজ সোমবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স-এ ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের’ ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
আইজিপি বলেন, পুলিশের সহযোগিতা নিয়ে দেশ ও সমাজের অনেক ভাল-ভাল কাজ করা সম্ভব। এর জন্য আমাদের মধ্যে উদ্ভাবনী শক্তি থাকতে হবে। 
 
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও ডিআইজি (লজিস্টিক) মিলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুনাকের সভাপতি বেগম শামসুর নাহার রহমান। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, চাঁদপুরে পুলিশ সুপার শামসুর নাহার, শামীমা বেগম প্রমুখ।
 
এ সভায় শরীয়তপুর পুলিশ উইমেন চাইল্ড সাপোট সেন্টারের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা দেন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার(এএসপি) সাইফুল ইসলাম।
 
নারী পুলিশ সদস্যদের উৎসাহিত করতে বাংলাদেশ পুলিশ ২০১৬ সাল থেকে তাদের বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করে আসছে। যা নারী পুলিশদের কর্ম, উদ্দীপনা ও ভাবনায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। ১৯৮৬ সাল থেকে বিসিএস’র মাধ্যমে বাংলাদেশ পুলিশে নারীদের উচ্চ পদে পদায়ন করা হচ্ছে। বর্তমানে ক্যাডার ও ননক্যাডারসহ ১১ হাজার ৯৫২ জন নারী পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই