চান্দিনায় আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ বাঁধে। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বয়ক মো. দুলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মনু মিয়া প্রধান, অমল, ছাত্রলীগ নেতা সোহেল, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১২জন আহত হন।
সংঘর্ষের পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকরা মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা মহাসড়কের উপর বসে পড়েন। এসময় সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
IMG0
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে ডা. প্রাণ গোপালের সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভার প্রস্তুতি নেন। খবর পেয়ে সংসদ সদস্য আলী আশরাফের সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ডা. প্রাণ গোপালের সমর্থকদের মারধর করেন। এসময় উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি শরীফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, আরএ কলেজ ছাত্রলীগ আহ্বয়ক মো. জামিল, পৌর ছাত্রলীগ নেতা আরমান হোসেন, শ্যামলসহ আরও অন্তত ৯জন গুরুতর আহত হন।
সংঘর্ষ চলাকালে চান্দিনা পূর্ব বাজার আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের চান্দিনা মোহনা মেডিকেল সেন্টার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
IMG1
উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. দুলাল হোসেন, পৌর যুবলীগ সভাপতি আলহাজ মো. মনির খন্দকার জানান, ‘শনিবার প্রাণ গোপাল দত্তের অনুসারী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা নবাবপুরে আনন্দ র্যালি বের করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ওই র্যালি বের করা হয়।
এসময় উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বয়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা বাকীর নেতৃত্বে ছাত্রলীগের র্যালিতে হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে। ওই হামলার নিন্দা জানিয়ে প্রাণ গোপাল দত্তের অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার বিকালে চান্দিনা পালকি সিনামা হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চান্দিনা বাজার হয়ে উপজেলা পরিষদ গেট এলাকায় পৌঁছালে আলী আশরাফ গ্রুপের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান।
IMG3
চান্দিনা থানার ওসি আলী মাহমুদ জানান, কয়েকজন পুলিশের উপর ইট পড়েছে, তবে কেউ গুরুতর নয়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
