রাজশাহীর বাঘায় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বাঘা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দলের নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য নির্বাচন কার্যালয়ের দোতলায় উঠছিলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা তার সাথে ছিলেন। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক ও অনুগত নেতাকর্মীদের নিয়ে একই সময়ে দোতলায় উঠছিলেন। এ সময় জাহাঙ্গীর গ্রুপের কর্মী জনৈক দোস্তুল বিলাকার মানিকের অনুসারী আরেক কর্মীকে ধাক্কাদেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে নির্বাচন অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ওই অফিসে থাকা বাঘা থানা পুলিশের সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে মতামতের জন্য যোগাযোগ করা হলে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক কিছুই জানেন না বলে দাবি করেন। তবে বাঘা থানার ওসি রেজাউল হাসান রেজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/জামান
