নয় বছর আগে নিজ ভাবীকে হত্যার পর গতকাল সোমবার গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। আর এই হত্যার পরপরই আজ মঙ্গলবার সকালে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন এক অপরাধী। ঘটনাটি ঘটেছে- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী গ্রামে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সুখারী গ্রামের ইসার উদ্দিন সরকারের ছেলে জামাল উদ্দিন সরকারের (৪২) সাথে তার স্ত্রী রুমা আক্তারের (৩২) প্রায়শই সংসারের অভাব অনটন ও ছোট খাট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গতকাল সোমবার রাতে মশার কয়েল আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে স্বামী জামাল উদ্দিন ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর মঙ্গলবার সকালে জামাল উদ্দিন নিজে থানায় গিয়ে স্ত্রীর হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
এদিকে পুলিশ জানায়, জামাল উদ্দিন ২০০৯ সালে তার বড় ভাইয়ের স্ত্রী জহুরা আক্তারকেও কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। সেই মামলায় জামাল উদ্দিন বেশ কিছুদিন জেল-হাজতে থাকার পর ৭-৮ মাস আগে সে জামিনে বেরিয়ে আসে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রমিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান
