শেরপুরে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৭:০২
বগুড়ার শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় মঙ্গলবার সকালে ডিজিটাল ব্যানার লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুর রহমান (৩৮) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পৌর শহরের উলিপুর এলাকার মহাম আলীর ছেলে।
 
জানা গেছে, ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর পুরস্কার পাওয়ায় আজ সকালে শেরপুর পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম বিপ্লবের অভিনন্দনের একটি ডিজিটাল ব্যানার লাগাতে গিয়ে এই ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক জিআই তার জড়ানো প্রায় ৩৫ ফুটের একটি বাঁশ মাটিতে স্থাপন করছিলেন। এ সময় বাঁশটি ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালনের তারের সঙ্গে লেগে গেলে আব্দুর রহমানের গায়ে এসে আগুন লেগে যায়। এসময় আরও কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান বলে পরিবারিক সূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/এমআই