প্রাচীর ধসে শ্রমিক নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২০:৩২
 
যশোর পৌরসভার ড্রেন সংস্কার কাজের সময় রাস্তার পাশের প্রাচীর ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত আরও অন্তত তিনজন। মঙ্গলবার বিকেলে শহরের এমএম আলী রোডের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত হাবিবুর রহমান (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সৈয়দ আলীপুর গ্রামের ইরফান সরদারের ছেলে। আহতরা হলেন- সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নূর আলীর ছেলে আবদুল খালেক (৫০), বন্দিপুর গ্রামের দাউদ আলীর ছেলে আবদুল মালেক (৫০) ও মুড়গাছা গ্রামের কুরবান আলীর ছেলে সবুর হোসেন (৪৫)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের এমএম আলী রোডে রাস্তার পাশে ড্রেন সংস্কার কাজ চলছে। মঙ্গলবার বিকেলে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় ওই কার্যালয়ের প্রাচীর ধসে পড়ে। এতে অন্তত ৪জন শ্রমিক চাপা পড়েন। কর্মরত অন্য শ্রমিকরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
 
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিবুরের মৃত্যু হয়। চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশংকাজনক।
 
এ ব্যাপারে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও রিসিভি করেননি। 
 
তবে যশোর কোতোয়ালি থানার এএসআই আমিনুর রহমান বলেছেন, শুনেছি পৌরসভার ড্রেনের কাজ করতে গিয়ে প্রাচীর চাপা পড়ে হাবিবুর রহমান নামে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন। তিনজন আহত হয়েছেন। পুলিশ খোঁজখবর নিচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি