সৌদি থাকাকালীন ঘটনাবলী নিয়ে এখনো নিশ্চুপ হারিরি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২১:০৬
সৌদি আরবে তিন সপ্তাহ অবস্থানকালে সেখানে সংঘটিত ঘটনাবলী নিয়ে মুখ খুলতে রাজি হননি লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সেই সময় তার সাথে কী ঘটেছে, তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে চান না। তিনি বলেন, ‘সৌদি আরবে যা হয়েছে, তা নিজের মধ্যেই রাখতে চাই।’  আগের অবস্থান বদলে প্রধানমন্ত্রীত্ব ছাড়বেন না বলেও জানান হারিরি। ফরাসি টিভি চ্যানেল সি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
 
গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। হারিরি বলেছিলেন, গুপ্তহত্যার ভয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে অনেকে মনে করেন, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছিলেন হারিরি। লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহর মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
 
রিয়াদ থেকে পাঠানো হারিরির পদত্যাগপত্র গ্রহণ করেননি লেবাননি প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছিলেন, দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেবেন তিনি। এর কয়েকদিন পর দেশে ফিরে হারিরি পদত্যাগ না করার কথা জানান। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির