বাবার পক্ষে দুঃসাধ্য শিবলীর ক্যান্সারের চিকিৎসা ব্যয়

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৩:৩৬
 
আতাউর রহমান শিবলী (১০) পদুয়া ওয়ার্ডবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফজুর পাড়া এলাকায়। তার বাবা মোস্তাফিজুর রহমান হেলালী লোহাগাড়ার পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা। শিবলী বোনমেরু ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তার বোনমেরু প্রতিস্থাপিত (বিএমটি) করতে ৫০লাখ টাকার প্রয়োজন।
 
শিবলীর বাবা মোস্তাফিজুর রহমান হেলালী জানান, অসুস্থ থাকায় শিবলী এবারের পিইসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। হাসিখুশি থাকা ছেলেটি প্রথম দিকেই নানা রোগে ভুগছিল। অনেক চিকিৎসা করেও কোন সুফল না পেয়ে পরবর্তীতে চমেক হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম রব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার এ রোগটি ধরা পড়ে। পরে এ চিকিৎসকের পরামর্শে ভারতের ব্যাঙ্গালোর মজুমদার শাহ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. সুনীল বাটের তত্ত্বাবধানে প্রায় ৪মাস ধরে চিকিৎসাধীন রয়েছে ছেলেটি।
 
তিনি আরও জানান, এ পর্যন্ত শিবলীকে চিকিৎসা করাতে গিয়ে তার বাবার ১৫ থেকে ২০লাখ টাকার মত খরচ হয়ে গেছে। বর্তমানে তিনি নিঃস্ব প্রায়। যে খরচগুলো ইতিমধ্যে হয়েছে সেগুলো পৈত্রিক সম্পত্তি বিক্রি করে।
 
ভারতের চিকিৎসক সুনীল বাট জানিয়েছেন, ছেলেটি এ রোগ থেকে সেরে উঠতে আরো ৫০লাখ টাকার মত প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা সাধারণ এক স্কুল শিক্ষক বাবার পক্ষে অসম্ভব। তাই সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ছেলেটির বাবা।
 
সাহায্য পাঠানোর ঠিকানা: মোস্তাফিজুর রহমান হেলালী। সঞ্চয়ী হিসাব নম্বর- ০৯৪০২০০০১৩০, ইসলামী ব্যাংক কেরানীহাট শাখা। অথবা মোবাইল ০১৮১৮-৫৭৩৮০২ (বিকাশ ব্যক্তিগত)।
 
ইত্তেফাক/জামান