কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:০৯
 
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের চারদিন পর আব্দুল জব্বার (৭০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
 
পুলিশ জানায়, গত শনিবার থেকে আব্দুল জব্বার নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি।  বুধবার সকালে একটি ডোবাতে এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।
 
কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, এ ব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন নিখোঁজের পরিবার।ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান