কুমিল্লার হোমনায় স্কুলছাত্র মো. রিয়াদ (১২) অপহরণের পাঁচদিনেও উদ্ধার হয়নি। অপহৃত রিয়াদ উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং মিরাশ গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।
অপহরণের পাঁচ দিনেও রিয়াদ উদ্ধার না হওয়ায় পরিবার ও তার শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এ দিকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। বর্তমানে তারা ২দিনে রিমান্ডে রয়েছেন।
রিয়াদের মামা জাহাঙ্গীর আলম জানায়, রিয়াদদের সংসার ছিল অভাবের। তাই পড়াশুনার পাশাপাশি ভাড়ায় চালিত ইজিবাইক চালিয়ে পরিবারকে সহায়তা করতো সে। গত শনিবার বিকেলে ইজিবাইক চালাতে গিয়ে উপজেলার পঞ্চবটি এলাকা থেকে যাত্রীবেশে তিন যুবক ইজিবাইটিসহ রিয়াদকে অপহরণ করে।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বলেন, মোবাইলে মো. রিয়াদকে অপহরণের অভিযোগে মুক্তিপণ দাবীর সূত্র ধরে মুরাদনগর থানা পুলিশ ওই তিনজনকে আটক করে হোমনা থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃতদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ‘ক্লু’ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রিয়াদের মামা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোমবার হোমনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ইত্তেফাক/জামান
