জেলার হাটবাজার গুলোতে শীতের সবজিতে সয়লাব হওয়ায় দামও কমতে শুরু করেছে। তবে আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, শীতের সবজির আমদানি বেশি হওয়ায় বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেকের বেশি কমেছে সবজির দাম। বর্তমান বাজারে ৪০ টাকা পিস কপি ২০ টাকা, ২০ টাকা কেজির মূলা ৮/৯ টাকা, ৬০ টাকা কেজির শিম ৩০/৩৫ টাকা, ৪০ টাকা কেজির পটল ১৮/২০ টাকা, এক হাজার টাকা কেজির ধনিয়া পাতা এখন ২শ টাকা, ৪৫ টাকার বেগুন ৩০ টাকা কেজি, ৪০ টাকা পিস লাউ ১৫/২০ টাকা বিক্রি করতে দেখা যায়। নতুন ধান বাজারে আসা শুরু করায় চালের দামও কমতে শুরু করেছে। নতুন চাল হিসাবে বাজারে স্বর্ণ-৫ বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং বিআর-৪৯ বিক্রি হচ্ছে ৪৬/৪৭ টাকা কেজি।
মাছুয়া বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা সাহেব আলী জানান, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজি ছিল। বুধবার বাজারে সেই পেঁয়াজ ৬৫ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। কারণ হিসাবে সাহেব আলী জানান, হিলি স্থল বন্দরে কিনতে লেগেছে ৬০ টাকা কেজি। খুচরা বিক্রেতারা জানান, বস্তায় কেনার কারণে দেড়/দুই কেজি ঘাটতি পড়ে। ফলে দাম বেশি পড়ে যাচ্ছে। আবার ২৫০ গ্রাম, ৫শ গ্রাম বিক্রিতেও ঘাটতি পড়ে। সেই অযুহাতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পেঁয়াজ ৮০ বা ৮৫ টাকা বিক্রি করছেন। দেশীয় পেঁয়াজ ৭০/৭৫ টাকা পাইকারি বিক্রি হলেও খুচরা বাজারে ৮৫/৯০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। পাইকারি ও খুচরা বাজার মূল্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নিরসনে বাজার মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের।
জেলা শহরের সাহেব বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মাহফুজুল হক, শাহীন ও বিপ্লব জানান, পাবনা থেকে দেশীয় পেঁয়াজ আমদানি করা হতো সেখানেও আমদানি কমেছে। ফলে চাহিদা অনুযায়ী পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। হিলি স্থল বন্দরে ভারতীয় পেঁয়াজের আমাদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেলেও আগামী এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। অপরদিকে বাজারে নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে পেঁয়াজের দাম কমতে পারে বলে আশা করছেন ক্রেতারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বন্যার ক্ষতি পুশিয়ে নিতে জেলার কৃষকরা অধিক লাভের আশায় চলতি মৌসুমে বিভিন্ন আগাম জাতের ফসল চাষ করেছেন। এরমধ্যে রয়েছে ৩ হাজার ৬শ হেক্টর বিভিন্ন ধরনের সবজি চাষসহ শিম ৪শ হেক্টর, মূলা ৪৫০ হেক্টর, মরিচ ৩১০ হেক্টর ও পেঁয়াজ ৪শ হেক্টর, বাধা ও ফুল কপি ৭শ হেক্টর। ফলে এই ফসলগুলোর সঙ্গে শীতের সবজিও এখন বাজারে আসতে শুরু করেছে। এ জন্য সবজির বাজার কমতে শুরু করেছে বলে জানান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়। বাসস।
ইত্তেফাক/এমআই
