খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ থেকে ৩১ ডিসেম্বর

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৬:৫৬
 
খুলনায় ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুধবার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বর্তমানে বসবাসরত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংয়ের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০১৮ সালের জন্য নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ।
 
এ ছাড়া আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়রা থানায় এবং একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাইকগাছা থানায় ব্যক্তি পর্যায়ের লাইসেন্স পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবায়ন করা হবে। 
 
৪ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনাডাঙ্গা, হরিণটানা ও খালিশপুর থানা, ৫ ডিসেম্বর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা, ৬ ডিসেম্বর খুলনা সদর ও লবণচরা থানা, ৭ ডিসেম্বর তেরখাদা থানা, ১০ ডিসেম্বর দিঘলিয়া থানা, ১১ ডিসেম্বর ফুলতলা থানা, ১২ ডিসেম্বর ডুমুরিয়া থানা, ১৩ ডিসেম্বর বটিয়াঘাটা থানা, ১৪ ডিসেম্বর রূপসা থানা এবং ১৭ ডিসেম্বর দাকোপ থানার ব্যক্তি পর্যায়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে।
 
অপরদিকে, ১৮ থেকে ২১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংয়ের লাইসেন্স নবায়ন করা হবে। এ ছাড়া সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত  জেলা প্রশাসনের কার্যালয়ে পূর্ব নির্ধারিত দিনে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীরা এবং খুলনা জেলায় বসবাসরতদের জন্য জেলা থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণের লাইসেন্স নবায়ন করা হবে।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যক্তি পর্যায়ের রিভলবার ও পিস্তল এর নবায়ন ফি ১০ হাজার টাকা ও ১৫ শতাংশ ভ্যাট বাবদ এক হাজার ৫০০ টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেল নবায়ন ফি বাবদ পাঁচ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭৫০টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ের লং ব্যারেল নবায়ন ফি পাঁচ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭৫০টাকা। প্রতিষ্ঠান পর্যায়ের লং ব্যারেল নবায়ন ফি ১০ হাজার টাকা ও ভ্যাট বাবদ ১ হাজার ৫০০ টাকা। ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠানের নবায়ন ফি ৫ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭৫০ টাকা। সেফ কিপিংয়ের নবায়ন ফি তিন হাজার টাকা ও ভ্যাট ৪৫০ টাকা।
 
আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের মূলকপি, লাইসেন্সের মূলকপি, লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় জমা থাকলে জমা রশিদ প্রদর্শন করতে হবে।
 
খুলনা জেলায় বসবাসরত কিন্তু অন্য জেলা হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের নবায়নকালে খুলনায় বসবাসের প্রমাণপত্রসহ সাদা কাগজে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর নবায়নের জন্য আবেদন করতে হবে। 
 
ইত্তেফাক/ইউবি